
নদীয়া, ৭ এপ্রিল :প্রকাশ্য বাজারে গুলি করে খুন করা হল তৃণমূল কংগ্রেস নেতাকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নদীয়া জেলার হাঁসখালির চুপরিয়া এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম আমোদ আলি বিশ্বাস (৪৫)। তিনি রামনগর বড় চুপরিয়া অঞ্চলের তৃণমূল সহ-সভাপতি ছিলেন। এদিন সকালে বাড়ির কাছে বাজারের মধ্যেই তাঁকে উদ্দেশ্য করে পরপর গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত তৃণমূল নেতা রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে বাড়ি থেকে বাজার করার জন্য স্থানীয় রামনগর বড় চুপড়িয়া বাজারে গিয়েছিলেন আমোদ আলি। সেখানে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। তখনই সেখানে আট-দশজন দুষ্কৃতী হাজির হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। কেউ কিছু বুঝে ওঠার আগেই আমোদ আলিকে ঘিরে ধরে সেই দুষ্কৃতীরা পরপর গুলি করতে থাকে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হয়ে প্রাণভয়ে পালানোর চেষ্টা করেন আমোদ আলি। তখন তাঁকে তাড়া করে গুলি করতে থাকে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে বাজারেই লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় ঘটনাস্থল থেকে পালান স্থানীয়রা। আমোদ আলিকে কেউ বাঁচাতে আসতে পারেননি সাহস করে।
