
কলকাতা : রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের গাইডলাইন না মানার জেরে পশ্চিম মেদিনীপুর জেলার ২৮টি নার্সিংহোমকে শোকজ করল জেলা স্বাস্থ্য দফতর।১৪দিনের মধ্যে নার্সিংহোমগুলিকে পরিকাঠামোগত ঘাটতি পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশ না মানলে নার্সিংহোমগুলির লাইসেন্স বাতিল করা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে,, মাস খানেক আগে বেশ কিছু অভিযোগের জেরে স্বাস্থ্য দফতরের একটি টিম জেলার বেশ কিছু নার্সিংহোম পরিদর্শন করে। তখনই একাধিক নার্সিংহোমে পরিকাঠামগত ত্রুটি ও স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বেনিয়ম নজরে পড়েছিল স্বাস্থ্য ভবনের টিমে থাকা আধিকারিকদের। তাঁরা ওই পরিদর্শনকালে ওই নার্সিংহোমগুলির মধ্যে কোনওটিতে দেখেন সেখানে হয়তো আরএমও নেই, তো কোনোটির আবার নেই প্রশিক্ষিত নার্স। আবার কোনও জায়গায় নেই ওটি রেজিস্টার। এমনকি স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে গাইডলাইন যে যথাযথ ভাবে মানা হচ্ছে না সেটাও তাঁদের চোখে পড়ে। সেই টিম রাজ্য স্বাস্থ্য দফতরে যে রিপোর্ট জমা দেয় তার ভিত্তিতেই এবার স্বাস্থ্য দফতর পশ্চিম মেসিনীপুর জেলার মোট ২৮টি নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য দফতরকে। তারপরেই পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের তরফে ওই ২৮টি নার্সিংহোমকে শোকজ নোটিস পাঠানো হয়। সেই নোটিসে বলে দেওয়া হয়েছে যে সব গাফিলতি ওইসব নার্সিংহোমে চিহ্নিত হয়েছে তা কেন হয়েছে সেটা আগামী ১৪ দিনের মধ্যে লিখিত ভাবে জানাতে হবে। সেই সঙ্গে ১৪ দিনের মধ্যে পরিকাঠামগত ঘাটতি পূরণ করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ না করলে আগামী দিনে নার্সিংহোমের লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
