
কলকাতা, ৩ মে : ‘কেন্দ্রীয় বঞ্চনার’ প্রতিবাদে ধরনায় শামিল মহিলা তৃণমূল। মেয়ো রোডে ধরনায় বসলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ তৃণমূলের নেত্রীরা। সেখান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাঁরা।
আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পে কেন্দ্র সরকারের কাছ থেকে পাওনা অর্থ থেকে বঞ্চিত হয়েছে বাংলা। সেই বঞ্চনার কথা মনে করিয়ে বিজেপি সরকারকে চাপে ফেলতেই আরও একবার ধরনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
বুধবার দিনের প্রথমার্দ্ধে মেয়ো রোডে ধরনায় শামিল হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ তৃণমূলের সাংসদ, বিধায়ক ও অন্য নেত্রীরা। চলবে বৃহস্পতিবার সন্ধে ৬ টা পর্যন্ত। সকলের হাতেই রয়েছে প্ল্যাকার্ড। কোনওটায় লেখা, “ইডি-সিবিআই দিয়ে জমিদারি চলছে।”, কোথাও লেখা, “আবাস যোজনার টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে।” সেখানে কেন্দ্রের বঞ্চনার কথাই তুলে ধরা হয়েছে।
এদিন ধরনা মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী চন্দ্রিমা। বললেন, একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে ১১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাকি। একধিকবার বকেয়া মেটানোর আরজি জানালেও কোনও কাজ হয়নি বলেই ফের অভিযোগ করেন তিনি।
