
কলকাতা, ১৫ ডিসেম্বর : জড়তা কাটিয়ে নির্দিষ্ট সময়ে শীত তার নিজস্ব ছন্দে বঙ্গে ধরা দিতে চলেছে। গত ক'দিনের ঘূর্ণাবর্ত শীতের আগমনে যে কাঁটা ছড়িয়েছিল, তা এখন সরে গিয়েছে ৷ সপ্তাহান্তে শীত আসছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদ নিম্নমুখী হতে চলেছে।
আজ থেকে উত্তর-পশ্চিমে শীতল হওয়ার দাপট বাড়বে এবং তাপমাত্রাও কমতে শুরু করবে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কমবে। আগামীকাল থেকে কলকাতা-সহ বাকি জেলাতেও তাপমাত্রা নীচের দিকে থাকবে। শনিবার থেকে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির কম হতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধুমাত্র সিকিম ও দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর-পশ্চিমে হাওয়ার দাপট বাড়বে এবং শীতের আমেজ বাড়বে দুইবঙ্গে। এই প্রথমবার দিন ও রাতের তাপমাত্রায় ২-৪ ডিগ্রি কমবে।
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ৷ বৃহস্পতিবার ভোরে কুয়াশা থাকলেও দিনের আকাশ পরিষ্কার ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
