
কলকাতা, ২২ ফেব্রুয়ারি : শীত না থাকলেও, রাতের দিকে হালকা ঠান্ডা আমেজ থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হালকা ঠান্ডা মালুম হচ্ছে কলকাতাতেও। তবে দিনের বেলায় তাপমাত্রার পারদও থাকবে ঊর্ধমুখী। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ঠান্ডা ও গরম মিলিয়েই চলবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছেই ঘোরাফেরা করবে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। রাজ্য থেকে ক্রমেই উধাও হয়ে যাচ্ছে শীত, বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। তবুও, বিদায়ের সময়ও কিছু জেলায় রাতের দিকে ঠান্ডা মালুম হচ্ছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
