
কলকাতা, ১৬ ডিসেম্বর : উত্তুরে হাওয়ার পথ প্রশস্ত হয়েছে, আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকার কারণে উত্তুরে হাওয়া বইছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। আর তাতেই তাপমাত্রার পারদ নিম্নমুখী কলকাতায়। কলকাতায় ঠাণ্ডা তো বেড়েছে, মহানগরীর পাশাপাশি ঠাণ্ডা বেড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। কনকনে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। তিলোত্তমা ফের মরশুমের শীতলতম দিন উপভোগ করল। এদিন সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তুরে হাওয়ার সৌজন্যে এবার মনোরম ঠাণ্ডা উপভোগ করা যাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলাগুলিতে নিম্নমুখী থাকবে তাপমাত্রার পারদ। আগামী ২৪ ঘন্টার মধ্যে কলকাতার তাপমাত্রা আরও নেমে যেতে পারে। শীতের এই আগমনী বার্তায় বেজায় খুশি শীতপ্রেমীরা। শুক্রবার সকালে জম্পেশ ঠাণ্ডার আমেজ উপভোগ করেছে গোটা পশ্চিমবঙ্গ।
