
কলকাতা, ২০ অক্টোবর : আকাশ পরিষ্কার হয়ে তীব্র রোদের ঝলক, এ ভাবেই শুক্রবারের সকাল শুরু হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় নবমী ও দশমীতে বৃষ্টি হতে পারে, তার আগে মহাষষ্ঠীর সকালে আকাশ একেবারেই রোদ ঝলমলে। ষষ্ঠীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ এবং শরতের মেঘের দেখা মিলেছে। মনোরম আবহাওয়ায় আরও যেন সতেজ হয়ে উঠেছে মহানগরী।
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শহরের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আবহবিদরা জানিয়েছে, বৃষ্টি হতে পারে নবমী ও দশমীতে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা ছাড়াও হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরেও।তবে, ২২ অক্টোবর পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস নেই। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।
