kolkata

2 years ago

Abhishek Banerjee: আমেরিকা যেতে চেয়ে হাই কোর্টে অভিষেক

Abhishek Banerjee (File Picture)
Abhishek Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৬ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে পাড়ি দিতে চান  ইডি সূত্রেই জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টে একটি হলফনামা জমা দিয়ে এই আর্জি জানিয়েছেন অভিষেক। তাঁর আবেদনটি সোমবার বিকালে তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে শুনানির সম্ভবনা রয়েছে। 

ইডি সূত্রে খবর, হলফনামায় অভিষেক লিখেছেন, তিনি ইতিমধ্যেই ইডিকে তাঁর বিদেশ সফরের বিশদ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ কথাও জানিয়েছেন যে, গত ১৫ জুলাই এই সফরের কথা ইডিকে জানালেও, তাদের দিক থেকে কোনও জবাব আসেনি। সোমবার হাই কোর্টে ওই হলফনামায় অভিষেক জানিয়েছেন, আগামী ৮ অগস্ট বিকেল সাড়ে ৪টেয় চোখের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাঁর। সেই চিকিৎসার জন্য প্রায় ২৪ দিন আমেরিকায় থাকতে চান তিনি। অভিষেকের এই আবেদন সোমবার বিকেল ৪টে ২৫ মিনিটে শুনানির জন্য উঠবে বলে খবর ইডি সূত্রে।

অভিষেকের এই বিদেশযাত্রার সময় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার অভিষেকের বিদেশ যাত্রার কথা জানিয়েছিলেন তিনিও। বিজেপি বিধায়ক বলেছিলেন, ‘‘উনি তো এখানে আগুন লাগিয়ে দিয়ে বিদেশে যাওয়ার জন্য আবেদন করেছেন ইডির কাছে। ২৬ তারিখ বিদেশ যেতে চেয়েছেন। আর তৃণমূলের নীচের তলার কর্মীদের সিভিল ওয়ারের (গৃহযুদ্ধ) জন্য ঠেলে দিয়েছেন।’’

উল্লেখ্য, শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক। তৃণমূল সমর্থকদের উদ্দেশে অভিষেক বলেছিলেন, ‘‘আগামী ৫ অগস্ট থেকে সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্য স্তরের বিজেপি নেতাদের বাড়ি শান্তিপূর্ণ ভাবে ঘেরাও করতে হবে। তবে বাড়িতে কোনও বৃদ্ধ মানুষ থাকলে তাঁকে ছেড়ে দেবেন। বিজেপি নেতা বাড়ি থেকে বেরোবেনও না, ঢুকবেনও না।’’ তবে একই সঙ্গে দলের সদস্যদের সতর্ক করে অভিষেক বলেছিলেন, ‘‘কিন্তু কারও গায়ে হাত দেবেন না। প্রথমে এখানে গণঘেরাও কর্মসূচি হবে। তার পর দিল্লি ঘেরাও হবে।’’ পরে অবশ্য ওই মঞ্চেই অভিষেকের কর্মসূচিকে সমর্থন করেও কিছুটা পরিবর্তন করেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছিলেন, ‘‘কর্মসূচি হবে ব্লক স্তরে। আর ঘেরাও করা হবে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে, প্রতীকী ভাবে। যাতে কেউ বলতে না পারেন, বাধা দেওয়া হচ্ছে।’’ 

কর্মসূচি হওয়ার কথা ৫ থেকে ১০ অগস্ট। আর অভিষেকের হলফনামার বক্তব্য অনুযায়ী অভিষেক বিদেশে থাকতে চান ২৬ জুলাই থেকে ২০ অগস্ট পর্যন্ত। অর্থাৎ ওই পাঁচদিন অভিষেক চিকিৎসার জন্য থাকবেন বাংলা থেকে বহুদূরে আমেরিকায়।প্রসঙ্গত, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির বিরুদ্ধে শুভেন্দু আইনি পদক্ষেপের কথা বললে অভিষেক পাল্টা জবাবে শুধু বলেছিলেন, ‘‘শুভেচ্ছা রইল’’।  

You might also like!