Breaking News

 

kolkata

3 years ago

IT Raid : তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার খোঁজ

MLA Zakir Hossain
MLA Zakir Hossain

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল সহ বিভিন্ন এলাকায় চলছিল আয়কর তল্লাশি।  সেই তল্লাশিতেই আবার কুবের ধন  উদ্ধার করল আয়কর আধিকারিক দল। সূত্র অনুযায়ী আপাতত ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে তল্লাশি থেকে, আয়কর দফতর সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া ১৫ কোটি টাকার মধ্যে কেবলমাত্র একটি জায়গা থেকেই মিলেছে ৯ কোটি টাকা। এ ছাড়া গোডাউনে হানা দিয়েও উদ্ধার করা হয়েছে ২ কোটি টাকা। জাকির অবশ্য জানিয়েছেন, গত ২৩ বছর ধরে তিনি আয়কর দিয়ে আসছেন। 

তল্লাশি জারি রয়েছে মুর্শিদাবাদ এবং কলকাতা মিলিয়ে ২৮টি স্থানে। বিষয়টি জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও।আয়কর হানা নিয়ে বুধবার জাকির বলেছিলেন, ‘‘ওঁরা আসতেই পারেন। তবে আসার পদ্ধতিটা অন্য রকম হওয়া উচিত ছিল। কারণ আধাসেনা আনা হয়েছে। কিন্তু আমি তো কোনও অপরাধী নই। আমি এক জন ব্যবসায়ী এবং আমি পশ্চিমবঙ্গের এক জন বিধায়ক। আমি চাই, সামাজিক ভাবে আসুন ওঁরা। ওঁরা আমাদের সময় দিলেন না। কারণ আমাদের সব সময় হিসাবরক্ষক থাকেন এমন নয়। এটা আমাদের হেনস্থা করা ছাড়া আর কিছু নয়। আমরা আশা করিনি যে এ ভাবে অভিযান হবে।’’ 

উল্লেখ্য, বুধবার দুপুরে মুর্শিদাবাদের সুতির বিধায়ক জাকিরের শিব বিড়ি, সামশেরগঞ্জের আনন্দ বিড়ি কারখানা এবং বিজলি বিড়ি কারখানায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। দফায় দফায় তল্লাশি চলে বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১১টা নাগাদ সুতিতে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক জাকিরের বাড়ি সংলগ্ন বিড়ি কারখানা এবং সামশেরগঞ্জের গোবিন্দপুরের আনন্দ কারখানায় হানা দেওয়া হয়। বিএসএফ জওয়ানরা ঘিরে ফেলে কারখানার চার দিক। তার পর চলে তল্লাশি অভিযান। বিড়ি কারখানাগুলির নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। 

You might also like!