
হাওড়া, ১৪ জুলাই : পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার শ্যামপুর। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় বোমাবাজি, ইঁট বৃষ্টির পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে উভয় পক্ষের বিরুদ্ধে। পরে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নামানো হয় র্যাফ। ঘটনায় ১৩ জনকে আটক করেছে শ্যামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, হাওডার শ্যামপুরের ১ নম্বর ব্লকের বেলাড়ির বেতবেড়িয়ায় তৃণমূলের নব্য ও পুরনোদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সেই অশান্তিই বিরাট আকার নিল বৃহস্পতিবার রাতে। অভিযোগ, এদিন নতুন ও পুরাতন দুই গোষ্ঠীর দুই নেতা শেখ মইদুল ও শেখ বক্তিয়ারের মধ্যে গণ্ডগোল বেঁধে যায়। এলাকার মানুষ কিছু বুঝে ওঠার আগেই বোমাবাজি ও ইট বৃষ্টি শুরু হয়ে যায় দু’পক্ষের। চলে বাড়ি ভাঙচুর, ছোঁড়া হয় অ্যাসিডের বোতল। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়ে উলুবেড়িয়ার এসডিপিওর নেতৃত্ব ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় ব়্যাফ। গভীর রাত পর্যন্ত ধড়পাকড়। ঘটনায় ইতিমধ্যে ১৩ জনকে আটক করেছে শ্যামপুর থানার পুলিশ। এলাকা থমথমে। পুলিশ মোতায়ন করা হয়েছে এলাকায়।
