
কলকাতা, ১২ সেপ্টেম্বর : প্রিন্সিপালের বদলি ঘিরে মঙ্গলবার ব্যাপক হট্টগোল হল আরজি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে। সন্দীপ ঘোষের বদলি আটকাতে এদিন সকাল থেকেই হাসপাতাল চত্বরে প্রিন্সিপাল অনুগামীদের স্লোগান ‘যেতে নাহি দিব’ শুরু হয়। সোমবার সন্ধ্যায়ই তাঁর বদলির নির্দেশিকা জারি করে স্বাস্থ্যভবন। তারপর থেকেই কলেজ চত্বরে চলছে হট্টগোল।
আরজি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে বদলি করা হয়েছে বারাসত মেডিক্য়াল কলেজে। অর্থোপেডিক অর্থাৎ অস্থি বিভাগের অধ্যাপক পদে নিয়োগ করা হয়েছে। আবার বারাসত মেডিক্যাল কলেজের এক অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়কে আরজি করে আনা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।
সূত্রের দাবি, নবান্নের নির্দেশই এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে হট্টগোল। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে গুঞ্জন শুরু হয়েছে চিকিৎসক ও অধ্যাপক মহলে। তাঁদের একটাই প্রশ্ন, এভাবে আর কতদিন চলবে? সরকারি নির্দেশিকা অমান্য করার ক্ষমতা কি একজন অধ্যক্ষের আছে? এই প্রথববার নয়। মাস দুয়েক আগেও সন্দীপ ঘোষের বদলির নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই সময় পদে নিযুক্ত এক চিকিৎসক আরজি কর কলেজ হাসপাতাল এসে, সারাদিন অপেক্ষা করেও কাজে যোগ দিতে না পেরে ফিরে যান। সেদিনও একইভাবে হট্টগোল তৈরি হয়েছিল।
