
কলকাতা, ৪ অক্টোবর : নিম্নচাপের বৃষ্টি থেকে এখনই নিস্তার নেই, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ৪৮ ঘন্টা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সামনেই পুজো। প্রতি বছরের তুলনায় এ বছর পুজো খানিকটা হলেও দেরিতে। কিন্তু তারপরেও বৃষ্টি থেকে নিস্তার মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। এমনকি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪৮ ঘন্টায় মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস মতোই বুধবার সকালে ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নানা অংশে। ৫ অক্টোবর মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। জারি করা হয়েছে সর্তকতা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কমতে শুরু করবে ৬ অক্টোবরের পর থেকে।
