
কলকাতা, ২০ এপ্রিল : উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস বইতে থাকায় শুক্রবার, ২১ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতিতে তেমন কোনও পরিবর্তন হবে না। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে থাকছে তাপপ্রবাহের কমলা সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ তারিখ থেকে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ বাদে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাদ বাকি জেলায় আগামী শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার ঝড়-বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর ও মালদহ বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস।
