
কলকাতা, ২৫ জুলাই : বিধানসভায় মুখ্যমন্ত্রীর আসার দিন বদল হল। এবার থেকে আর সপ্তাহের শেষ দিন নয়, একেবারে প্রথম দিনই বিধানসভায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাদল অধিবেশনের শুরুতেই বিধানসভার তরফে বুলেটিন দিয়ে একথা জানানো হয়েছে। যদিও কেন এই দিন বদল, সে ব্যাপারে বিধানসভার তরফে কিছু জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই এই বদল হয়েছে বলে সূত্রের খবর।
বিধানসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় আসার জন্য সাধারণত সপ্তাহের একটি দিন নির্ধারিত রয়েছে। সেটি হল, শুক্রবার। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিধানসভায় আসার জন্য শুক্রবার নির্ধারিত ছিল। এছাড়া প্রয়োজন অনুসারে বিভিন্ন অধিবেশনে এবং বিভিন্ন সময়ে বিধানসভায় উপস্থিত থাকতেন মুখ্যমন্ত্রী।
কিন্তু, এবার থেকে বিশেষ প্রয়োজন ছাড়া নির্ধারিত দিন হিসাবে আর শুক্রবার নয়, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, এবার ২৪ জুলাই, সোমবার থেকে বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়েছে। নির্ধারিত সূচি মেনে অধিবেশন শুরুর আগে সকাল ১১টায় শুরু হয় সর্বদলীয় বৈঠক। যদিও ওই বৈঠকে বিজেপি ও আইএসএফ-এর তরফে কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না। বিরোধী দলকে যোগ্য সম্মান দেওয়া হয়নি অভিযোগ তুলেই সর্বদলীয় বৈঠক বয়কট করেন বিরোধীরা। যদিও তার জন্য অধিবেশন থেমে থাকেনি। বৈঠকের পর দুপুর ১২টায় বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়। পাঠ করা হয় শোকপ্রস্তাব। তারপরই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
