
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাওড়ার অভিজাত শপিং মলে তীব্র চাঞ্চল্য , খেলতে খেলতে মলের চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে গেল ৩ বছরের এক শিশুর হাত। প্রায় দেড় ঘন্টা শিশুটির হাত ওই অবস্থায় আটকে রইল। অবশেষে শিবপুর কাজিপাড়ার ওই মল কর্তৃপক্ষ, দমকল ও পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়।
মহম্মদ শাহিদ (৩) নামে ওই শিশুটি শিবপুর ট্রামডিপো এলাকার চওড়া বস্তির বাসিন্দা। বুধবার সন্ধেয় পরিবারের সদস্যদের সঙ্গে কাজিপাড়ার ওই মলে বেড়াতে যায় শিশুটি। মলের একতলায় চলন্ত সিঁড়ির কাছে খেলা করছিল সে। পরিবারের সদস্যদের নজর এড়িয়ে চলন্ত সিঁড়ির ফাঁকে শিশুটির হাত আটকে যায়। ঘটনাটি দেখে মলে আসা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাটি নজরে আসে মলের নিরাপত্তারক্ষীদের সাথে সাথে চলন্ত সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়। অনেকেই শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন। তাকে উদ্ধার করতে না পেরে অবশেষে দমকল ও শিবপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। দমকল, পুলিশ ও মল কর্তৃপক্ষের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়।শিশুটিকে উদ্ধার করে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
