
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : নিয়োগ দুর্নীতি মামলায় ৫ মাস আগে গ্রেফতার হয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। এবার রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতি পদ থেকে সরানো হল তাঁকে, এমনটাই খবর সূত্রের। রাজ্য অধ্যক্ষ পরিষদের নতুন সভাপতি হচ্ছেন পূর্ণচন্দ্র মাইতি।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর সুবীরেশ ভট্টাচার্যকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া দেওয়া হয়েছিল। এবার গ্রেফতারের ৫ মাস পরে তাঁকে রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতি পদ থেকে অপসারন করা হল। সূত্রের খবর, রাজ্য অধ্যক্ষ পরিষদের নতুন সভাপতি করা হচ্ছে পূর্ণচন্দ্র মাইতিকে। তিনি এজেসি বোস কলেজের অধ্যক্ষ। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সময় উপযুক্ত জবাব না দিতে পারায় ১৯ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আদালতে জানানো হয়েছিল, সুবীরেশ ভট্টাচার্য যখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন সেই সময় নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল হয়েছিল। সেই সংক্রান্ত কিছু তথ্য প্রমাণও রয়েছে।
