
কলকাতা, ১২ জানুয়ারি : বৃহস্পতিবার ইডেনে ভারত–শ্রীলঙ্কা একদিনের ম্যাচ। দিন রাতের এই ম্যাচ শেষে ক্রীড়াপ্রেমী মানুষদের খেলা দেখে বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয়, তাই স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। থাকছে বিশেষ মেট্রো রেল পরিষেবার ব্যবস্থাও ।
জানা গেছে, ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে বারাসত অবধি চলবে। স্পেশাল ট্রেনটি প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে রাত ১০টা ৩৫ মিনিটে ছাড়বে। বারাসত স্টেশনে পৌঁছবে রাত ১১টা ৫০ মিনিটে। প্রিন্সেপ ঘাট থেকে বারাসত অবধি প্রতিটি স্টেশনেই দাঁড়াবে এই ট্রেন।
একই সঙ্গে বিশেষ মেট্রো রেল পরিষেবার ব্যবস্থাও থাকছে। রাত ১০টা ৩০ মিনিটে এসপ্ল্যানেড থেকে দুটো অতিরিক্ত মেট্রো পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। একটি ট্রেন যাবে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত। অপর ট্রেনটি যাবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত। দুটো ট্রেনই রাত ১১টা ০৩ মিনিটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে।
