kolkata

2 years ago

Weather forecast : বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ,পারদ নামতেই ফিরেছে স্বস্তির আমেজ

Weather Update (Symbolic Picture)
Weather Update (Symbolic Picture)

 

কলকাতা, ২৬ জুন : দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কিছুটা দেরিতে হলেও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে পারদ নেমেছে কিছুটা। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট খানিকটা কমেছে। তবে বিক্ষিপ্তভাবে বর্ষার রেশ রয়েই গিয়েছে। মৌসুমী বায়ুর এই খামখেয়ালিপনার মাঝেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায় রাজ্যজুড়েই অনেকটা পারদ-পতন হয়েছে। ভ্যাপসা গরম উধাও হয়ে গিয়েছে। সোমবার সকালেও কলকাতা ও লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলায় দীর্ঘক্ষণ বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন আরও একটু তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হবে। অন্যদিকে, উত্তরেও বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে এখনও বৃষ্টি চলবে। যার জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা আছে। অন্যদিকে, উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

You might also like!