kolkata

2 years ago

Weather Forecast of kolkata and bengal: তাপপ্রবাহে প্রবল অস্বস্তিতে দক্ষিণবঙ্গ, রোদের দাপটে অতিষ্ঠ তিলোত্তমার স্বাভাবিক জনজীবন

Kolkata Weather Update (Symbolic Picture)
Kolkata Weather Update (Symbolic Picture)

 

কলকাতা, ৬ জুন : মাত্রাতিরিক্ত গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি ও দাবদাহ-প্রকৃতির এই সাঁড়াশি-চাপে প্রবল অস্বস্তিতে গোটা দক্ষিণবঙ্গে। গরমের দহন জ্বালায় নাভিশ্বাস তিলোত্তমা, কলকাতার স্বাভাবিক জনজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমের দাপটের মধ্যেই আপাতত স্বস্তির কোনও অবকাশ নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বরং আগামী কিছু দিন তাপমাত্রা আরও বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার, ১০ জুন পর্যন্ত দাবদাহ চলবে উত্তর এবং দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায়। আগামী ৫ দিনে কোনও কোনও জেলার তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এমনকি, এই ৫ দিন শুষ্ক গরম হাওয়া বইবে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ৭ জুন অর্থাৎ বুধবার থেকে ১০ জুন অর্থাৎ শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলার সঙ্গে হাওড়া এবং হুগলিতেও।

বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও অস্বস্তিকর আর্দ্র আবহাওয়া এবং গরম থাকবে। তাপপ্রবাহের সতর্কতা নেই কলকাতায়। এমনকি, বুধ এবং বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সেই বৃষ্টি হলেও স্বস্তি ফিরবে না কলকাতায়। আবহবিদেরা জানিয়েছেন, বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না তিলোত্তমায়। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

You might also like!