
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোনারপুরের গঙ্গা জয়ারায়ের দোকানে কৌটো বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিষ্ফোরণের তীব্রতায় প্রায় ১৮ ফুট দূরে ছিটকে পড়লেন দম্পতি।কৌটো বোমাটি কোথা থেকে এল, তা নিয়ে তীব্র ধোঁয়াশা।
অন্যান্য দিনের মতো সোমবার ভোররাতে পরোটার দোকান খুলতে যান সুজয় মণ্ডল এবং তাঁর স্ত্রী টুকটুকি। সেই সময় আচমকা বিস্ফোরণ। তীব্রতায় প্রায় ১৮ ফুট দূরে ছিটকে পড়েন দুজনে। বিস্ফোরণে শব্দে ঘুমঘোর কাটিয়ে কোনওক্রমে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। তাঁরাই খবর দেন নরেন্দ্রপুর থানায়।
খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুজনকে উদ্ধার করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কৌটো বোমা বিস্ফোরণ হয়েছে। কেউ বোমা ছুড়ল নাকি অন্য মজুত করা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
