
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে সোমবার জোড়া মিছিলে সামিল হল টিএমসিপি-এসএফআই। দুপুরে ঢাকুরিয়া দক্ষিণাপণ থেকে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট পর্যন্ত মিছিল করে শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। বিকেলে যাদবপুর থানা থেকে এইট-বি পর্যন্ত মিছিল করে বাম ছাত্র সংগঠন এসএফআই। শাসক এবং বিরোধী— দু’পক্ষই ছাত্রমৃত্যুর তদন্তের দাবিতে সরব হয়েছে। একই সঙ্গে র্যাগিংয়ের বিরুদ্ধেও আওয়াজ তুলেছে তারা।
যাদবপুরে টিএমসিপির সেই অর্থে শক্তি নেই। তৃণমূল সরকারের সময়ে বাম, অতিবাম সংগঠনের আন্দোলনে চাপে পড়তে হয়েছিল শাসকদলকে। ২০১৪ সালে ক্যাম্পাসে পুলিশ ঢোকা নিয়ে ‘হোক কলরব’ আন্দোলন রাজ্য রাজনীতিকে আন্দোলিত করে। সোমবার তৃণমূল মুখপত্রের শিরোনামে লেখা হয়েছে, ‘মর্মান্তিক মৃত্যু, কোথায় গেল হোক কলরব’। বাম ও অতি বাম কিংবা স্বাধীনদের ‘নিয়ন্ত্রণে’ থাকা যাদবপুরকে ‘খোঁচা’ দিতেই ওই শিরোনাম লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই যাদবপুরকাণ্ডে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক জন প্রাক্তনী, বাকি দু’জন এখনকার ছাত্র। পুলিশের আতশকাচের নীচে রয়েছেন আরও বেশ কয়েক জন পড়ুয়া। তাঁদেরও ডেকে পাঠানো হয়েছে। আগামী বুধবার যাদবপুরে আসার কথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর প্রতিনিধি দল। রাজ্য শিশু সুরক্ষা কমিশন শো-কজ় করেছে বিশ্ববিদ্যালয়কে। নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়েছে।
