kolkata

2 years ago

Ravindra Sadan metro station fire-panic:রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক! ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর, পরিষেবা স্বাভাবিক

Ravindra Sadan metro station fire-panic
Ravindra Sadan metro station fire-panic

 

কলকাতা, ৯ আগস্ট : কলকাতার রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক! বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মেট্রো স্টেশনের উপরের রিজ়ার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় মেট্রোর রিজার্ভেশন অফিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। মেট্রো চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

সকাল তখন সাড়ে সাতটা হবে, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের উপরের রিজ়ার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লাগে। কোনও কর্মী তখন ছিলেন না। এক্সাইড মোড়ের কাছে রবীন্দ্র সদন মেট্রোর দোতলায় রয়েছে এই অফিস। প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায় চত্বর। নিচেই রয়েছে মেট্রো স্টেশন। তবে মেট্রো চলাচলে কোনও প্রভাব এখনও পর্যন্ত পড়েনি। ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সংকীর্ণ পথ তার সঙ্গে ধোঁয়া, ফলে ভেতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরাও সুরক্ষিত রয়েছেন। আতঙ্ক করবেন না এবং ছড়াবেন না।'' ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয়। সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। দোতলার যেখানে আগুন লেগেছিল, তার উৎসস্থলে পৌঁছতে পেরেছেন দমকল কর্মীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লাগে। পরে সেই ধোঁয়া মেট্রো সুড়ঙ্গপথে ছড়িয়ে যায়। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য অফিসের জানলা ভাঙা হয়। ঘটনাস্থলে উপস্থিত এক দমকল আধিকারিক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।




You might also like!