
কলকাতা, ৪ মে : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে এবার তাপমাত্রার পারদ চড়বে, থেমে যাবে বৃষ্টিও। আগামী ৬ মে থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা বাড়তে পারে। একধাক্কায় না বাড়লেও, ধীরে ধীরে চড়বে তাপমাত্রা। যদিও, বৃহস্পতিবার সকালে স্বাভাবিকই ছিল কলকাতার তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সকাল থেকেই মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৫ মে থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, ওই দিন দক্ষিণ ২৪ পরগনা অথবা পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হলেও হতে পারে। ৬ মে থেকে সর্বত্রই দিনের তাপমাত্রা বাড়তে পারে। একধাক্কায় নয়, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আবহবিদরা আরও জানিয়েছেন, ৬ মে (শনিবার) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ৭ তারিখ তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে ৯ মে শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোনে পরিণত হতে পারে এটি। অভিমুখ সম্পর্কে এখনই কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।
