
কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নবাগত পড়ুয়ার রহস্যমৃত্যুর দায়ে ধৃত জয়দীপ ঘোষ জামিন পেলেন না। আলিপুর আদালত তাঁকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠায়।
আইনজীবীর যুক্তি ছিল, জয়দীপ হস্টেলের আবাসিক নন। ঘটনার সময় তিনি হস্টেলে ছিলেন না। জয়দীপের পায়ে অস্ত্রোপচার হয়েছে। তাঁকে জামিন দেওয়া দরকার। বিরোধিতা করেন সরকারি আইনজীবী।
এজলাসে জয়দীপের আইনজীবী বলেন, পুলিশ নিজের ক্ষমতা দেখানোর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ঘোষকে গ্রেফতার করেছে। পুলিশ তা মানতে নারাজ। তাদের তরফে জানানো হয়, পুলিশ সেই রাতে দু্র্গাপুজোর ভিড় সামলাতে যায়নি। একটা ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিলেন। পুলিশ সেখানে সেই সময়ে যেতে পারলে পরিস্থিতি বদলে যেতে পারত। এই যুক্তি দেখিয়েই জয়দীপকে হেফাজতে চায় পুলিশ। সেই আবেদন মেনে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জয়দীপকে পুলিশি হেফাজতে পাঠাল আলিপুর আদালত।
৯ অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জয়দীপকে। তিনি হস্টেলের আবাসিক নন। বিক্রমগড়ে একটি ভাড়াবাড়িতে থাকেন। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করানো হয়। তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী বিপ্লব গোস্বামী।
