
কলকাতা, ৪ অক্টোবর: নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কলকাতার নানা অংশ। বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে, কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা অনেকটাই কমেছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃষ্টি থামেনি বুধবার সকালেও, দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে তিলোত্তমায়।
শুধুমাত্র কলকাতা নয়, ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। দিঘায় সমুদ্রের আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না কাউকে। দক্ষিণ ২৪ পরগনার বকখালিতেও পর্যটকদের সমুদ্রের কাছে যেতে দেওয়া হচ্ছে না।
