
কলকাতা, ৫ জুলাই : বর্ষায় বৃষ্টি নেই! বরং বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতের সতর্কতা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জন্য এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আবার ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছন আবহাওয়া বিজ্ঞানীরা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে যে বৃষ্টি হচ্ছে, তা ধারাবাহিকভাবে হবে আরও কিছু দিন। উপরের যে ৫ টি জেলায় বৃষ্টি হচ্ছে, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বাকি তিনটি জেলা মূলত মালদহ এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিনের বেলায়, অস্বস্তি বজায় থাকবে, ঘর্মাক্ত গরমও অনুভূত হবে। তবে এই মুহূর্তে তীব্র অস্বস্তি দক্ষিণবঙ্গে থাকলেও, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা তুলনামূলকভাবে একটু কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
