
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃহঠাৎ-ই ডিজিটাল মিডিয়ায় একটি খবর বারবার ফ্ল্যাস হতে থাকে-"প্রয়াত হলেন নবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন"।এই খবরের তীব্র নিন্দা ও বিরোধ জানিয়ে বাবার সুস্থতার কথা জানালেন অমর্ত্য সেনের কন্যা নন্দনা সেন।তিনি জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছেন তিনি। নন্দনা বলেন, ‘‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলাম।’’
মঙ্গলবার সন্ধ্যার আগে আচমকাই ছড়িয়ে পড়ে, অমর্ত্য প্রয়াত। সেই খবরের ‘সূত্র’ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তাঁর ‘এক্স’ হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’
এই খবরের পরেই নবেলজয়ীর কন্যা জানান- অমর্ত্য ভাল রয়েছেন। তিনি বস্টনে রয়েছেন। নন্দনা রয়েছেন নিউ ইয়র্কে। নন্দনা বলেন, ‘‘এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তাঁর সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সু্স্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’’
তবে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ অমর্ত্যের মৃত্যু নিয়ে এই পোস্ট করলেন সদ্য নোবেলজয়ী ক্লডিয়া? তাঁর প্রথম পোস্টের ৪৫ মিনিট পর ফের দ্বিতীয় একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডলে। সেখানে লেখা হয়, ‘এই অ্যাকাউন্টটি ভুয়ো। ইটালিয়ান সাংবাদিক টোমাসো ডেবেনেডেট্টি এই অ্যাকাউন্টটি তৈরি করেছেন।’
