
কলকাতা, ২০ জুলাই ): কলকাতার কিড স্ট্রিটের একটি হোটেলে এক মহিলার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। বুধবার গভীর রাতে হোটেল থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, মহিলার সঙ্গে একই ঘরে ছিলেন তাঁর মেয়েও। দু’জনকেই অচৈতন্য অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। ঘর থেকে পাওয়া যায় একটি সুইসাইড নোট। দু’জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মেয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশ সূত্রে খবর, গত ৮ জুন থেকে ওই মহিলা তাঁর মেয়ের সঙ্গে হোটেলে থাকছেন। কলকাতার হরিদেবপুরের বাসিন্দা তাঁরা। পুলিশের হাতে যে সুইসাইড নোট এসেছে, তা থেকে মানসিক অবসাদ এবং আর্থিক সমস্যার কথা জানা গিয়েছে। পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়েই আত্মহত্যার চেষ্টা করেছিলেন দু’জনে। মায়ের মৃত্যু হয়েছে, কিন্তু মেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
