
কলকাতা, ১৯ জুন: বিধাননগরের কেষ্টপুরে রহস্যজনক মৃত্যু হল মা এবং মেয়ের। কেষ্টপুর প্রফুল্ল কাননের কাছে একটি আবাসন থেকে মা ও মেয়ের দেহ উদ্ধার হয়েছে সোমবার। খবর পেয়েই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আবাসনের তিন তলার ফ্ল্যাটে থাকতেন মা গোপা দাস এবং মেয়ে সুদেষ্ণা দাস। গোপার ভাইও থাকতেন ওই ফ্ল্যাটে। যদিও তিনি এদিন সকালে বাড়িতে ছিলেন না। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সকাল থেকেই গোপা এবং সুদেষ্ণাকে ফোনে পাচ্ছিলেন না মামা। তিনিই আবাসনের নিরাপত্তারক্ষী এবং প্রতিবেশীদের ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন। প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়েই দেখেন, মা-মেয়ের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে, দেহটি দু''টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার।পরই জানা যাবে মা ও মেয়ের মৃত্যু কীভাবে হয়েছে।
