
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার দুপুর আড়াইটের সময় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি কথা বলবেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান।উল্লেখ্য কাল সারাদিন তার নাম উঠে এসেছে খবরের শিরোনামে। প্রসঙ্গত তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক ডাকলেন শাসকদলের এই বিধায়ক।
নুসরতের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে সোমবার ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পরে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই অভিযোগকে সমর্থন করেন। এ ব্যাপারে আনন্দবাজার অনলাইনের তরফে নুসরতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, যে হেতু এটি একটি আইনি বিষয়, তাই তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই অভিযোগের জবাব দেবেন। তার পরেই বুধবারের সাংবাদিক বৈঠকের ঘোষণা। কী নিয়ে সেই সাংবাদিক বৈঠক ডেকেছেন, তা অভিনেত্রী তথা সাংসদ স্পষ্ট না করলেও জল্পনা, বিজেপি নেতাদের আনা অভিযোগের জবাব দিতেই এই সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি।
উল্লেখ্য, দল হিসাবে তৃণমূল ইতিমধ্যেই এই বিষয়ে নুসরতের সঙ্গে ‘দূরত্ব’ তৈরি করেছে। দলের তরফে জানানো হয়েছে, এটা ওঁর ব্যক্তিগত বিষয়। তৃণমূলের এ বিষয়ে কিছু বলার নেই। নুসরত বা তাঁর আইনজীবীই এর জবাব দেবেন।
