
কলকাতা, ৩০ নভেম্বর: শীতের আগমণের মুখে পারদ নামার পরিবর্তে ঊর্ধ্বমুখী। আচমকাই শীতের আমেজ উধাও হয়ে গিয়েছে তিলোত্তমা থেকে, ঠান্ডা মালুম হচ্ছে না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতেও শীত একেবারেই উধাও। তবে, কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গের পাহাড়। দার্জিলিং, কার্শিয়াং-এ এখন জমজমাট ঠান্ডা। শীত উধাও হওয়ার নেপথ্যে রয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ।
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। ১ ডিসেম্বর সেটি আরও এগিয়ে এসে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলেও সেটি কোথায় আছড়ে পড়বে তা এখনও বোঝা যায়নি। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।
শীতের আমেজ কমেছে, তা আরও কমতে পারে। কলকাতায় বৃহস্পতিবারও বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের আবহাওয়া অবশ্য মনোরম থাকবে। আপাতত মেঘমুক্ত থাকবে আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও একইরকম থাকবে আবহাওয়া।
