
কলকাতা, ১ মার্চ : মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আচমকা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিনে ভবানীপুরে ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলের পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পরীক্ষা দিতে আসা পড়ুয়ারা আপ্লুত হয়ে পড়ে। পরীক্ষা হলে ঢোকার আগে বেশ কিছু ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে। স্কুলের বাইরে থাকা অভিভাবকরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সঙ্গীত শিল্পী তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও।
উল্লেখ্য মঙ্গলবারও কলকাতায় মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন সকালে ভবানীপুর গার্লস হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানান তিনি। পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে প্রণামও করে।
