
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরিস্থিতি ঠিক থাকলে বুধবারই কাঁধে অস্ত্রোপচার হবে কামারহাটির বিধায়ক মদন মিত্রের। গত বৃহস্পতিবার আচমকা খিঁচুনির সময়ে ফাউলার্স বেডের রেলিংয়ে ধাক্কা লেগে বাঁ কাঁধ ও হাতের সংযোগস্থলের হাড়ে চিড় ধরে তাঁর। চিকিৎসকদের আশা, অপারেশন করলে ভালো ভাবেই জুড়ে যাবে ভাঙা হাড়। তাঁকে আইসিসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে মঙ্গলবার রাতে। তাঁর রক্তচাপ কমে যাওয়ায় ও পালস রেট বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার রাতে আইসিসিইউ-তে স্থানান্তর করা হয়েছিল।
এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মদনের চিকিৎসা নিয়ে মেডিক্যাল বোর্ডও বৈঠকে বসেছিল। রক্তে অক্সিজেনের মাত্রা, ফুসফুসের অবস্থা এবং শরীরের অন্যান্য মাপকাঠি অস্ত্রোপচার করার পক্ষে সন্তোষজনকই আছে। তাই অপারেশন-পর্ব সেরে ফেলা হবে এখনই। আপাতত প্রাক্তন মন্ত্রী হাসপাতালের মেন ব্লকের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। ৪ নভেম্বর নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি হয়েছিলেন। কিন্তু আচমকা রক্তচাপ বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং খিঁচুনির কারণে তাঁকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়। কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই বুধবার ট্রমা কেয়ার সেন্টারের ওটি-তে হাড়ের অপারেশন হওয়ার কথা মদনের।
