
কলকাতা, ২৬ নভেম্বর: আসছে আসছে করেও জমজমাট শীতের দেখা নেই। রাতের তাপমাত্রা কমেছে, তবুও গরম জামা বার করার মতো ঠান্ডা এখনও পড়েনি। শীতের আগমনবার্তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রূকুটি। আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শেষে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
তবে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা শীতের আমেজ বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলায় জেলায় তাপমাত্রার পারদও কিছুটা নিম্নমুখী। রবিবার সকালেও শীতের পরশ বেশ ভালোই অনুভূত হয়েছে। তবে, নিম্নচাপের প্রভাব এ রাজ্যে সেভাবে পড়বে না বলেই মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। শুষ্ক আবহাওয়ার কারণে খানিকটা শীতের আমেজ অনুভব করা যাচ্ছে শহরে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
