kolkata

2 years ago

No Dry Day : পুজোয় ‘ড্রাই ডে’ নিয়ে অব্যাহত রাজনীতির কাদা ছোড়াছুড়ি

No Dry Day for WB in Puja (Symbolic Picture)
No Dry Day for WB in Puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত কয়েক বছর ধরেই পুজোয়  ‘ড্রাই ডে’ না থাকা নিয়ে রাজনীতির তর্জা তুঙ্গে উঠেছে। সরকারের এই সিদ্ধান্তে সুরাপ্রেমীরা খুশি হলেো সুর চড়িয়েছেন বিরোধীরা। প্রসঙ্গত, দু’দিন আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে রাজ্যকে খোঁচা দিয়েছিলেন। পুজোয় ‘ড্রাই ডে’ তুলে দেওয়া নিয়ে বলেছিলেন, ‘বাংলায় এই কালচার আগে ছিল না।’ তবে সম্প্রতি অসম সরকারও সিদ্ধান্ত নিয়েছে পুজোয় ‘ড্রাই ডে’ না রাখার। পড়শি রাজ্যের সিদ্ধান্তের কথা তুলে ধরেই এবার শুভেন্দুকে পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

তৃণমূল মুখপাত্র তথা শাসক দলের রাজ্য সম্পাদক এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দুর্গাপুজোয় বাংলায় ড্রাই ডে না থাকা নিয়ে শুভেন্দু অধিকারী মেলোড্রামা করেছেন। কিন্তু হিমন্ত বিশ্বশর্মা ড্রাই ডে রাখার সমস্যা নিয়ে যে বিবৃতি দিচ্ছেন, তা শুভেন্দুর অবস্থানের থেকে বহু দূরে।” উল্লেখ্য, সেদিন বিধানসভার বিরোধী দলনেতা ড্রাই ডে সম্পর্কে মন্তব্য করার সময় বলেছিলেন, ‘ব্রিটিশরা এমন করেনি।’ শাসক শিবিরকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেছিলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে তৃণমূলই প্রথম এই ‘কালচার’ শুরু করেছে।

রাজ্য সরকারের আর্থিক অবস্থার কথাও তুলে ধরেছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতার বক্তব্য ছিল, ‘সরকারের কোষাগার শূন্য। তাই এভাবে যুব সমাজকে সর্বস্বান্ত করে সরকার কোষাগার ভরাতে চাইছে।’

অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও আবার পুজোর সময়ে ‘ড্রাই ডে’ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবার। এর কারণও ব্যাখ্যা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, যদি উৎসবের সময়ে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে কালোবাজারি বেড়ে যেতে পারে। বিজেপি শাসিত অসম সরকারের এই সিদ্ধান্তের কথা তুলে ধরেই এবার শুভেন্দু অধিকারীকে পাল্টা দিলেন কুণাল। 

You might also like!