
কলকাতা, ২৬ জুলাই : জোকা ইএসআই স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার সময় মন্তব্য করলেন কলকাতার একটি টিভি চ্যানেলের সম্পাদক কৌস্তুভ রায় দাবি করেন, এদিনও তাঁর কোনও জিজ্ঞাসাবাদ হয়নি।
বুধবার চতুর্থ দফায় তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। নিয়ে যাওয়ার সময় কৌস্তুভ বলেন, এসব চলতে থাকলে কোনও মূল্য থাকে না। শরীর আমার ঠিক আছে। সারা দিন ঘুমোচ্ছি,আর ওজন বাড়ছে।কোনও জিজ্ঞাসাবাদ হয়নি।
গত সোমবার তৃতীয় দফার স্বাস্থ্য পরীক্ষার পর ইএসআই হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি দাবি করেন, তাঁকে মিথ্যে মামলায় ইডি গ্রেফতার করেছে। তাঁকে ইডি কী বা জিজ্ঞাসাবাদ করবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে হেফাজতে নেওয়ার পর তাঁর সুগার প্রেসার সব কমে গিয়েছে। ইডির সুগার প্রেসার বাড়ছে বলে মনে করছেন তিনি।
এর আগে তাঁকে বলতে শোনা গিয়েছে, তদন্তের নামে প্রহসন হচ্ছে। সারাদিন শুয়ে আছি এবং ঘুমোচ্ছি। কোনও কিছু পাওয়া যাচ্ছে না। আমাকে ভয় দেখিয়ে, হেনস্থা করে কোনও লাভ নেই। ‘ইণ্ডিয়া’ জিতবে, এনডিএ হারবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, একটি চিটফান্ড মামলায় আর্থিক প্রতারণার অভিযোগে কৌস্তুভ রায়কে সোমবার মাঝরাতে গ্রেফতার করে ইডি। তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়। তিনি নিজেই সওয়াল করেন। আদালত তাঁকে দশ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়। একদিন অন্তর তাঁকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে বলেও আদালত জানিয়েছে। দুদিন অন্তর তিনি আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবেন। এই মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই।
