
কলকাতা, ২৭ অক্টোবর : স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হল রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার সকালেই জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃত মন্ত্রীকে। কলকাতায় ইডি-র দফতর সিজিও কমপ্লেক্স থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ জ্যোতিপ্রিয়কে নিয়ে জোকার উদ্দেশে রওনা দেন ইডি আধিকারিকরা।
এদিন সকালে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় জ্যোতিপ্রিয় আবারও বললেন, তিনি চক্রান্তের শিকার। যে চক্রান্তের নেপথ্যে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। সিজিও কমপ্লেক্স থেকে জোকা যাওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেন, ‘‘আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। বিজেপি এবং শুভেন্দু অধিকারী চক্রান্তে জড়িত।’’ উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় শুক্রবার ভোররাতে গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশির পর শুক্রবার ভোররাতে গ্রেফতার করেছেন ইডির আধিকারিকেরা।
