kolkata

3 years ago

Justice Abhijit Gangopadhyay : 'গরিবদের সঠিক বিচার দেওয়ার দায়িত্ব আমার'—বিচারপতি গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Gangopadhyay
Justice Abhijit Gangopadhyay

 

শিলিগুড়ি, ১০ ডিসেম্বর  : ‘গরিবদের সঠিক বিচার দেওয়ার দায়িত্ব আমার।’ শনিবার শিলিগুড়িতে এ কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি শিলিগুড়ির দাগাপুরে এক বেসরকারি আইন কলেজের সপ্তম ইয়ুথ পার্লামেন্টে যোগ দেন।

পাশাপাশি তিনি জানান, আমার কাজের ধরন একটু আলাদা। গরিব মানুষেরা যাতে সঠিক বিচার পান, তাঁদের কাছে তা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য। অনেক গরিব মানুষ হাইকোর্ট পর্যন্ত পৌঁছতে পারেন না। তাঁদের কাছে বিচার ব্যবস্থা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য বলে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

শনিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তরবঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি এসেছেন শুনে তাঁর সঙ্গে দেখা করতে আসেন একজন বঞ্চিত চাকরিপ্রার্থী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথাও বলেন তিনি। ওই চাকরিপ্রার্থীর দাবি, ২০১২ সালে শিলিগুড়ির গয়াগঙ্গা চা বাগানের সেন্ট পিটার হাই স্কুলে হিন্দি শিক্ষিকা নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে নাম ছিল তাঁর। কিন্তু অভিযোগ, তাঁকে বাইরে রেখে দ্বিতীয় স্থানাধীকারীকে নিয়োগপত্র দেয় স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টে মামলাও করেছেন বলে জানান।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিপ্রার্থীর অভিযোগ শোনার পর পরামর্শ দেন যেহেতু উচ্চ বিদ্যালয়ের নিয়োগের বিষয় তাই তাঁর কিছু করার নেই। আইনজীবীর মাধ্যমে বিচারপতি বসুর সঙ্গে যোগযোগ করতে বলেন তিনি।


You might also like!