
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র তথা আইটি হাব গড়ে তোলা হবে। এ ব্যাপারে সিনিয়র আইপিএস অফিসার তথা তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে এ প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিলেন তিনি।
জানা গিয়েছে, ইতিমধ্যেই উত্তরবঙ্গে জমি দেখার কাজ শুরু হয়েছে। আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে পাট্টা তৈরি হয়ে গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিকেও সমীক্ষা শুরু হয়েছে। নবান্ন সূত্রের খবর, এ ব্যাপারে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমারকে একটি খসড়া প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজীব কুমার খসড়া তৈরি করবেন। পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকবেন।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, উত্তরবঙ্গ তথা পাহাড় আইটি হাব গড়ে তোলার জন্য আদর্শ। রাজারহাটের ধাঁচে সেই শিল্পতালুক তৈরিতে বিশ্বস্ত আইপিএসের উপরই ভরসা রাখছেন তিনি। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমানে সিআইডির এডিজি পদে থাকা আইপিএস রাজীব কুমার মুখ্যমন্ত্রীর আস্থাভাজন। এতটাই যে, তার জন্য প্রকাশ্যে ধরনায় বসেছিলেন মমতা। রাজীব কুমারের সঙ্গে সিবিআইয়ের টানাপোড়েনের সময়ও রাজ্য প্রশাসন পুরো সহযোগিতা করেছিল কলকাতা পুলিশের দুঁদে এই আধিকারিককে। সেই রাজীবের তৈরি খসড়া অনুযায়ীই উত্তরের আইটি হাবের কাজ হবে।
উল্লেক্ষ্য, আগামী মাসেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবেন। সেসময় জেলাশাসকদের সঙ্গে এ নিয়ে এ প্রসঙ্গে আলোচনা করতে পারেন তিনি। প্রস্তাবিত জমিও সরেজমিনে দেখে আসতে পারেন বলে সূত্রের খবর।
