
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ইজরায়েল-হামাস যুদ্ধে আক্রান্ত ইজরায়েল। ইজরায়েলে আটকে পড়া বাঙালিদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতায় হেল্প ডেস্ক খোলার পাশাপাশি দিল্লিতেও কন্ট্রোল রুম চালু করা হয়েছে এ রাজ্যের সরকারের তরফে। কেউ চাইলে যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলিতে।
মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারতীয় / বাঙালিরা ইজরায়েল থেকে ফিরছেন। আমি আমার মুখ্যসচিব ও দিল্লি রেসিডেন্ট কমিশনারকে সবরকম সহযোগিতার জন্য বলেছি। নিখরচায় তাঁরা যেন ফিরতে পারেন। দিল্লি ও কলকাতা বিমানবন্দরে হেল্পডেস্ক থাকছে।’কলকাতার হেল্প ডেস্ক নম্বর (91) 9147063192। দিল্লির কন্ট্রোল রুমের নম্বর 011 – 23710362/ 011 – 23721991/ 8826008995/ 8826952430। এখনও পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরে আসা ২১২ জন ভারতীয়র মধ্যে ৫৩ জন বাংলার। এরমধ্যে ৩৫ জন নিজেদের মতো করে বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন। ১০ জন আবেদন করেছেন তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ৮ জন দিল্লিতে আছেন।দিল্লির বঙ্গভবনে রয়েছেন তাঁরা। কেউ গিয়েছিলেন পিএইচডি করতে, কেউ ডাক্তারি পড়তে। চলতি মাসেই গিয়েছিলেন বাংলার এক যুবক। ইজরায়েল পৌঁছনোর পর দু’ তিনদিন পরিস্থিতি ঠিক ছিল। ৭ তারিখ সকালে ঘুম ভাঙে সাইরেনের শব্দে। এরপর সাতদিন ধরে যুদ্ধ চলছে সেখানে। বাংলা থেকে যাঁরা গিয়েছেন, অধিকাংশই ফিরে আসতে চাইছেন। ঘরের ছেলে ঘরে না ফেরা অবধি আতঙ্কে প্রহর গুনছে পরিবারগুলিও।
