
কলকাতা, ২২ নভেম্বর : দেখতে দেখতে অগ্রহায়ণ মাস এসে গিয়েছে। তার জেরেই বাতাসে হিমেল ভাব বাড়ছে, অনুভূত হচ্ছে শীতের আমেজ। পরিস্থিতি বিচার করে আবহবিদেরা মনে করছেন, চলতি সপ্তাহে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তবে শীত বলতে যা বোঝায়, সেই পরিস্থিতি আসতে আরও দেরি আছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। প্রসঙ্গত, বুধবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে অবশ্য এখন ভালোই ঠান্ডা মালুম হচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ির মতো জেলায় রাতের তাপমাত্রা অনেকটাই নামছে। কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে দার্জিলিং-এও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতে ও ভোরে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে।
