
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে এসেছে এক 'রহস্যময়ী নারী'র নাম। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে, হৈমন্তী গঙ্গোপাধ্যায় নামে এক রহস্যময়ীর নাম উঠে এসেছে। কে সেই 'হৈমন্তী'? কেন কুন্তল তাঁর নাম বললেন? তাঁর খোঁজ চলছে বিভিন্ন মহলে।
কুন্তলের দাবি, এই হৈমন্তী গাঙ্গুলি হলেন, গোপাল দলপতির স্ত্রী। এই পরিস্থিতিতে খোঁজ মিলছে না গোপাল দলপতির। গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী-র নামে নথিভুক্ত মুম্বইয়ের এক সংস্থা সিরোকো পার্টনার্সের নাম। সূত্রের দাবি, মুম্বইয়ের অভিজাত নরিম্যান পয়েন্টসেই না কি রহস্যময়ী হৈমন্তীর অফিস!
সিবিআই সূত্রে দাবি, হৈমন্তী গঙ্গোপাধ্যায় কোথায় গোপাল দলপতিকে যখন এই বিষয়ে প্রশ্ন করলে উত্তরে বলেন, তিনি জানেন না। কয়েক বছর আগেই স্ত্রী ছেড়ে চলে গেছেন। তাঁর কোনও ফোন নম্বরও তাঁর কাছে নেই। এর পর থেকে এই রহস্যময়ীর খোঁজ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গোপাল দলপতি দাবি করেছেন, কুন্তলের মুখে তিনি কালীঘাটের যে কাকুর কথা শুনেছিলেন, তাঁর কাছে যেত নিয়োগ দুর্নীতির টাকা। অন্যদিকে, এবার কুন্তলও দাবি করছেন গোপাল দলপতির স্ত্রীর কাছে যেত নিয়োগ দুর্নীতির টাকা।
বুধবার গোপাল দলপতিকে সিবিআই তলব করা সত্বেও, হাজিরা দেননি তিনি। তার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না গোপালকে।
গোপাল দলপতির সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন হৈমন্তী। কিন্তু পরে ডিভোর্স হয়ে যায় বলে জানায় তাঁর পরিবার। উত্তর বাকসাড়া রোডে একটি বাড়িতে থাকেন হৈমন্তীর বাবা-মা-ছোট বোন।শুক্রবার হাওড়ায় হৈমন্তীর বাড়ির ঠিকানায় যায় সাংবাদিকরা। পরিবারের দাবি, বাড়ি লোকের অসুস্থতার খবর পেয়ে ১০-১২ দিন আগে বাড়িতে এসেছিলেন হৈমন্তী।
প্রতিবেশীদের দাবি, প্রায়শই তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত বিলাসবহুল গাড়ি। এই গাড়িতে যাতায়াত করতেন হৈমন্তী। কিন্তু হৈমন্তী কী করতেন? কী পেশার সঙ্গে যুক্ত এনিয়ে কোনও মন্তব্য় করতে চায়নি তাঁর পরিবার।
