
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত কয়েক দিন ধরে নানা মহলে চর্চা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘ধেড়ে ইঁদুর’ আর ‘ঢাকি’-র বিরুদ্ধে তোপ দেগেছেন, তাঁরা কারা? সামাজিক মাধ্যমে তো কেউ কেউ ধরে নিয়েছেন এই ‘ধেড়ে ইঁদুর’ আর ‘ঢাকি’ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বর্ষিত হতে শুরু করেছে রাজনৈতিক তীর। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নানারকম হুমকি দিচ্ছেন। কখনও বলছেন, ধেড়ে ইঁদুর ধরা পড়বে। আবার কখনও বলছেন, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। ৪২ হাজার ৫০০ নিয়োগের প্যানেল বাতিল করে দেব।
বৃহস্পতিবার মামলার শুনানির শেষে হালকা মেজাজে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরকারি আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী। মজার ছলে হেসে হেসে ব্যাখ্যা দেন তাঁর করা 'ধেঁড়ে ইঁদুর' মন্তব্যের। বলেন, 'সেদিন ধেঁড়ে ইঁদুর বলেছি সুব্রতদার সঙ্গে কথা প্রসঙ্গে। উনি বুঝেছিলেন কেন বলেছি। এই পরিবেশে সেটায় অন্য মাত্রা যোগ হয়েছে।'
এরপরই কুণাল ঘোষের কথার প্রসঙ্গ টেনে পর্ষদের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, 'কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজ কিছু না কিছু বলেন। তবে আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না। কারণ কথার মানে অন্যরকম হয়ে যাচ্ছে। আমি তো বলেছি, ঢাকি বিসর্জন দিয়ে দেব। ওরা আমাকে বলতে বাধ্য করে।' আর শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তাঁর মন্তব্য, 'চন্দ্রিমাদিকে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না। আমি কেন খারাপ কথা বলব? মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন।'
ওদিকে কুণাল ঘোষ বলেন, 'বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। ওনার কিছু মন্তব্য কানে আসে। তার প্রতিবাদ করছি। যিনি মাথা জানেন, ঢাকি জানেন, তাঁকে সাক্ষী করা হোক। সিবিআইয়ের উচিত তাঁকে ১৬৪ করা। মুখ্যমন্ত্রী ও সরকার ভালো কাজ করছেন, এটা সবাই জানে।'
