
কলকাতা, ১৫ আগস্ট: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশে বাংলায় বাণীতে শুভেচ্ছা জানালেন। মঙ্গলবার সকালে বাংলায় সমস্ত রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান রাজ্যপাল বোস। রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ব্যারাকপুরের গান্ধীঘাটে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন। এর পাশাপাশি গান্ধী স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
এই অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, জেলাশাসক, শরদ কুমার দ্বিবেদী, মহকুমাশাসক সৌরভ বারিক, মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুষ্মিতা হাতি, ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। প্রথা অনুযায়ী অনুষ্ঠানে রাজ্যপালের-সহ অন্যান্য সন্মানীয় অতিথিদের সামনে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করে শোনানো হয়। হোমের আবাসিক মহিলারা চরকা কেটে রাজ্যপালকে অভিবাদন জানান। তাঁদের সঙ্গে চরকাও কাটেন রাজ্যপাল। অনুষ্ঠানে স্থানীয় স্কুলের পড়ুয়ারা অংশ নেয়।
