kolkata

2 years ago

Weather Forecast of Bengal : দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি বিদায় বর্ষার, দাপট উত্তুরে হাওয়ার

Weather Forecast of Bengal  (File picture)
Weather Forecast of Bengal (File picture)

 

কলকাতা, ১৫ অক্টোবর  : দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নিয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নেই বৃষ্টিপাতের সম্ভাবনা। দু'এক জায়গায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। দক্ষিণা বাতাসের জায়গায় প্রভাব বিস্তার করবে উত্তুরে হাওয়া। পাশাপাশি উত্তরবঙ্গের কিছুটা অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে ইতিমধ্যেই। যার কারণে গত কয়েকদিন ধরে রাজ্যে মনোরম আবহাওয়া বিরাজ করছে।

আপাতত শহর কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত থাকবে আবহাওয়া। সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। আগামী দুই দিন ধীরে ধীরে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

হাওয়া অফিস সূত্রে খবর, পুজোর সময় দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। নবমী এবং দশমীতে রাজ্যের কিছু কিছু জেলা যেমন কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমছে উত্তরবঙ্গে। সোম, মঙ্গলবার থেকে শুষ্ক হাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সামান্য বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এরপর বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত কেরালা এবং মাহেতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ থেকে ১৮ অক্টোবর কর্ণাটক ও তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, জানা গিয়েছে এমনটাই। আগামী বৃহস্পতিবার থেকে দেশে কমবে বৃষ্টিপাতের পরিমাণ।

You might also like!