
কলকাতা, ২৭ ডিসেম্বর : পঞ্চায়েত ভোটের আগে ২ জানুয়ারির দলীয় সমাবেশের দিকে তাকিয়ে রাজ্যের তৃণমূল কর্মী-সমর্থকরা। ওই দিন দলের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্য, সাংগঠনিক জেলা সভাপতিদের নিয়ে নজরুল মঞ্চে বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
যেহেতু পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠক, নিঃসন্দেহে বৈঠকের মূল নির্যাস পঞ্চায়েত ঘিরেই আবর্তিত হবে। ফলে ইতিমধ্যেই অনেকের বুকে কাঁপন শুরু হয়ে গিয়েছে। মনে ভয়, কোনও অভিযোগ জমা পড়ে গেল না তো? নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কাঁথির মারিশদা, রানাঘাটের তাতলা-১ গ্রামপঞ্চায়েতের প্রধানদের বিরুদ্ধে যেভাবে কঠোর পদক্ষেপ করেছেন অভিষেক, তা অনেক পঞ্চায়েত প্রধানকেই ভয়ে রেখেছে বলে তৃণমূল অন্দরের খবর।
এই সভায় থাকবেন জেলা পরিষদ সভাধিপতি এবং কর্মাধ্যক্ষরা। প্রকাশ্যে ভর্ৎসনার মুখে পড়তে হবে না তো, এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে।
