
কলকাতা, ১২ জানুয়ারি : ভয়াবহ আগুন লাগল সল্টলেকের ঝুপড়ি বাজারে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান। এক দোকানদার আহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার প্রয়াসে আগুন আয়ত্তে এসেছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি বাজারের একটি দোকানে। আগুন লাগার পরেই খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে এসে পৌঁছয় ৪টি ইঞ্জিন। কিন্তু হাওয়ার বেগ বেশি থাকায় তত ক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানেও আগুন লেগে যায়।
অগ্নিকাণ্ডে একজন দোকানদার আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের কাজে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।
