
কলকাতা, ২৭ এপ্রিল : কুন্তল ঘোষের করা মন্তব্যের জবাব দিল ইডি। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাল, কুন্তল তাদের বিরুদ্ধে একটি 'গুরুতর' অভিযোগ এনেছিলেন। যার এক বর্ণও সত্য নয়।
বৃহস্পতিবার নগর দায়রা আদালতে নিয়োগ মামলায় শুনানি ছিল কুন্তলের। বিচারক বিচারপ্রক্রিয়া শুরু করতেই ইডি ক্ষোভের কথা জানায়। আদালতে ইডির আইনজীবী বলেন, ‘‘কুন্তল ঘোষ একটি গুরুতর অভিযোগ এনেছিলেন। উনি বলেছিলেন, কেন্দ্রীয় সংস্থা রাজনৈতিক মুখপাত্র। কিন্তু আমরা কারও মুখপাত্র নই, আমরা কোনও রং দেখি না। দুর্নীতিবাজদের খুঁজে বার করতে আমরা বদ্ধপরিকর। আমরা শুধু দুর্নীতিবাজদেরই ধরি।’’ কুন্তলের তরফে যদিও এর কোনও জবাব আসেনি।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আদালতে অভিযোগও করেছিলেন কুন্তল। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁকে তদন্তকারীরা ক্রমাগত 'চাপ' দিচ্ছেন জানিয়ে সিবিআই এবং ইডির বিরুদ্ধে থানায় এফআইআরও করেন।এ ব্যাপারে কেন্দ্রীয় দুই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কলকাতা হাই কোর্ট স্থগিতাদেশ দিলে পাল্টা সুপ্রিম কোর্টে যান কুন্তল। এরই মধ্যে বৃহস্পতিবার আদালতে কুন্তলের মন্তব্যের প্রতিবাদ জানাল ইডি।
