
কলকাতা, ৫ অক্টোবর : পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তথ্যের খোঁজে তাঁর বাড়িতে গিয়েছেন ইডি-র আধিকারিকেরা। উত্তর ২৪ পরগনা জেলা এবং কলকাতা-সহ রাজ্যজুড়ে রথীন ঘোষের সঙ্গে সম্পর্কিত ১২টিরও বেশি ঠিকানায় বৃহস্পতিবার সকাল থেকে চলছে এই তল্লাশি অভিযান।
রথীন দীর্ঘ দিন ধরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন। সেই সময় পুরনিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্ত করছে ইডি। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ খাদ্যমন্ত্রীর মাইকেলনগরের বাড়িতে হানা দেয় ইডি। ৫টি গাড়িতে রথীনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। শুধু রথীনের বাড়িতেই নয়, ১০ থেকে ১২টি দলে ভাগ হয়ে বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কামারহাটি পুরসভার তৃণমূলের পুর চেয়ারম্যান গোপাল সাহার অমৃতনগরের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। পাশাপাশি বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডির একটি দল। এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও ইডি-র তল্লাশি অভিযান চলছে। টিটাগড় পৌরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
