
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনেই পার্টি সিজন, আর এই সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা এড়াতে শহরের নামকরা পাব বা রেস্তরাঁগুলির সামনে নাকা চেকিং করার পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে এই পাবগুলি থেকে কেউ মদ্যপ অবস্থায় বার হয়ে গাড়ি চালাচ্ছে কিনা, সেই দিকে নজরদারি চালানো সম্ভব হবে।
জানা যাচ্ছে, নভেম্বরের ১৭ তারিখ থেকে ২৪ তারিখ -এক সপ্তাহের মধ্যে ৩৫৯টি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর খবর সামনে আসে। এরপরেই এই ধরনের ঘটনা এড়ানোর জন্য নড়েচড়ে বসে পুলিশ। শীতকালে পার্টির মরশুম। লালবাজার সূত্রে খবর, সপ্তাহান্তে নজরদারি আরও বাড়ানো হতে পারে। ডিসেম্বর মাসেই এই ধরনের নজরদারি আরও বাড়ানো হয়ে থাকে। কিন্তু, চলতি বছর তা আরও আগে থেকে শুরু করা হয়েছে।
২০২২ সালে মদ্যপান করে দুর্ঘটনার যে পরিসংখ্যান ছিল তা কম করতে মরিয়া লালবাজার। আর সেই জন্যই যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফে। এর আগে ১০টার পর থেকে শহরের বিভিন্ন 'পাব জোন' গুলিতে 'শ্বাস পরীক্ষা' করার ব্যবস্থা করা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে। শহরের সমস্ত ট্রাফিক গার্ড পয়েন্টে যাতে এই যন্ত্র মোতায়েন থাকে, সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, গত কয়েক বছর ধরে নভেম্বর , ডিসেম্বর এই দুই মাসে পথ-দুর্ঘটনার পরিসংখ্যান সর্বাধিক বলে জানা যাচ্ছে, এই ধরনের ঘটনা অপেক্ষকৃত বেশি রিপোর্ট আসে ইএম বাইপাস, জোড়াবাগান, নিউ পার্ক স্ট্রিট এলাকা থেকে। অপেক্ষাকৃত কম সংখ্যক ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এলাকায়।
উক্ত এলাকা গুলির পাশাপাশি শহরের অন্যান্য এলাকাগুলিতে নতুন করে যাতে এই ধরনের ঘটনা মাথাচাড়া দিয়ে না ওঠে, সেই জন্য পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাবগুলির সামনের রাস্তায় ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে। একইসঙ্গে, রাতের দিকে অতিরিক্ত কড়া প্রহরার ব্যবস্থা থাকছে। প্রসঙ্গত, হেলমেট পরা থেকে শুরু করে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে বিভিন্ন প্রচারমূলক পোস্ট করা হয় পুলিশের ফেসবুক পেজেও।
